খাবার খাওয়ার পরপরই চা পান করার অভ্যাস রয়েছে অনেকের। এ অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, সেই প্রশ্ন রয়েছে। চা খেলে ক্লান্তি দূর হয় এটা যেমন ঠিক, তেমনি বেশি মাত্রায় চা পান শরীরের ক্ষতিও করে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় খাওয়ার পরপর চা খেলে। আসুন, দেখে নিই এ ক্ষেত্রে কী কী ক্ষতি হতে পারে।
দাঁতের ক্ষয়
খাবার খাওয়ার পরেই চা খেলে দাঁতে নানা ধরনের রোগবালাই হতে পারে। চায়ে থাকা অ্যাসিড দাঁতের ক্ষয় করে। এর ফলে দাঁতে ব্যথা হয়, মুখে দুর্গন্ধ হয়।
হজম ভালো হয় না
খাবার খাওয়ার পর নিয়মিত চা খাওয়ার অভ্যাস করলে পেটের ওপর চাপ পড়তে পারে। এতে পরিপাকতন্ত্রের নানা সমস্যা হয়। চায়ে থাকা ক্যাফেইন, ট্যানিন খাবারকে ভালোভাবে হজম করতে দেয় না। এর ফলে পেটে ব্যথা ও গ্যাস হতে পারে। সেই সঙ্গে খাওয়ার ইচ্ছাও কমতে থাকে।
পেট ভার, বমি
খাবার খাওয়ার পরেই চা খেলে পেট ভার হয়ে যায়। কখনো বমি হতে পারে। পেটে গ্যাস হতে পারে।
ঘুম ভালো হয় না
রাতে খাবার খাওয়ার পরেই চা খেলে ভালো ঘুম হয় না। মাথাব্যথা হতে পারে।
আয়রনের ঘাটতি
খাবার খাওয়ার পরেই চা খেলে শরীরে আয়রনের ঘাটতি হতে পারে। শরীরে বেশি ক্লান্তি ভাব আসতে পারে।