ঢাকায় ৭-১০ এপ্রিল বিনিয়োগ সম্মেলন

কূটনৈতিক প্রতিবেদক

অর্থনীতি

আগামী ৭-১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের

2025-03-24T05:44:22+00:00
2025-03-24T05:44:22+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
অর্থনীতি
ঢাকায় ৭-১০ এপ্রিল বিনিয়োগ সম্মেলন
অংশ নেবে ৫০ দেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৫:৪৪ এএম   (ভিজিট : ৬৬৩)
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলনের ঘোষণা দেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত
আগামী ৭-১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরি করা। মূল সম্মেলন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

রোববার এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, ইতিমধ্যেই ৫০টি দেশের ২ হাজার ৩শর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে- চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও জাপান।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন, যাদের মধ্যে রয়েছেন- জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সিঅ্যান্ডটির ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানোর সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ। এ ছাড়াও বি ক্যাপিটাল, গবি, কনজাংশন, মারুবেনি এবং জিএফআরের মতো ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো স্টার্টআপ বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতির প্রসারে কাজ করবে। বিজনেস সামিটে প্রথম দুদিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব বিনিয়োগকারীরা। সম্মেলনে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ ইস্যু।

সামিটের অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধি দলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করবেন। একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করবেন। দিনশেষে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান হবে।

সামিটের মূল অনুষ্ঠান হবে ৯ এপ্রিল। অনুষ্ঠানে রাষ্ট্রদূত, নীতিনির্ধারক এবং শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ দিন তরুণ উদ্যোক্তা এক্সপো এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হবে। সামিটে বিভিন্ন ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল, যার মধ্যে ডিজিটাল অর্থনীতি (সিটি এনএ ও ইউএনডিপি), টেক্সটাইল (এইচএসবিসি ও বিজিএমইএ), কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ (ডাচ দূতাবাস ও এলসিপি) এবং স্বাস্থ্যসেবার (ইন্সপিরা, ইবিএল ও সাজেদা ফাউন্ডেশন) ওপর আলোচনা হবে।

এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য ম্যাচমেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড-টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সামিটের অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য বিশেষ মিটিং রুম বরাদ্দ থাকবে, যার মধ্যে বোর্ডরুম, লাউঞ্জ, মধুমতি ও তুরাগ কনফারেন্স হল এবং হোটেলের দ্বিতীয় তলায় নেটওয়ার্কিং স্পেস অন্তর্ভুক্ত থাকবে। সামিটের পার্টনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএনডিপি, এফসিডিও, গ্রামীণফোন, বিশ্বব্যাংক ও ফিকি, যারা যৌথভাবে এফডিআই বৃদ্ধিতে সহযোগিতা করবে।

প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। তিনি আরও বলেন, তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো- বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেক বিদেশি বিনিয়োগকারী এখনও বাংলাদেশের প্রকৃত বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে সচেতন নন। এ সামিটের মাধ্যমে আমরা তাদের বাংলাদেশের সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত করতে চাই।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: