আসন্ন ঈদযাত্রায় রাজধানী থেকে বের হতে এবং প্রবেশে ভোগান্তি এড়াতে সড়কে চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় যাবেন। আনুমানিক প্রায় এক কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করবেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করবেন। এসময় ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। এছাড়া আব্দুল্লাহপুর থেকে ধউর-আশুলিয়া সড়ক একমুখী থাকবে। বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িংয়ের যান চলাচলের ব্যবস্থা থাকবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারশন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে।
এছাড়া উক্ত বিআরটির ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোন যানবাহন ঢাকা অভিমুখে আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটির ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সঙ্গে নরমাল রাস্তায় বা লেনে ঢাকায় আগমন করবে।
ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে।
উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন সমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করবে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা-যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে।