বাংলাদেশে সাময়িক আশ্রয় নেওয়া মিয়ানমারের জনগোষ্ঠী রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭,০০০ মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। এই সহায়তা বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।
বুধবার (২ এপ্রিল) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এই সপ্তাহে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭,০০০ মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের দ্বারা উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য, আমরা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আরও বেশি সহায়তা সরবরাহ করতে উৎসাহিত করছি।