ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিষ্ঠানটি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, রেলওয়ের সঙ্গে সহজ ডট কমের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর রেল ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সহজ ডট কম-এর প্রতিনিধির উদ্দেশে উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তবে তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা টিকিট কালোবাজারি করে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টেলিজেন্স টিম থাকা উচিত।
সভায় রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহারের পরামর্শ দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ইতিপূর্বে ২০০ কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে, তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে অ্যাসেম্বলিং (সংযোজন) ও মেরামত কারখানায় রূপান্তর করতে হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এসব প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। ক্রয়ধর্মী প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রকল্পে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে। ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না।
ঈদুল ফিতর উপলক্ষে রেলের যাত্রীসেবায় সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদযাত্রায় মানুষ স্বস্তির সাথে, নির্বিঘ্নে ভ্রমণ করতে পেরেছে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আরও পরিকল্পিতভাবে ঈদযাত্রায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।