বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর আকাশে ছিল ব্যতিক্রমধর্মী ড্রোন শোয়ের আয়োজন। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয় প্রকাশ পায়। এছাড়া এতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সর্ববৃহৎ এ ড্রোন শো প্রদর্শিত হয়েছে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ ড্রোন শো আয়োজন করা হয়।
১৪ মিনিটের ড্রোন শোতে মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদের নির্ভীক আত্মত্যাগ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, আন্দোলনের নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে একটি দৃশ্য।
দুই হাজার ৬০০ ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে সংসদ ভবনের আকাশ। একইসঙ্গে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের।