আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চাই আমরা। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেটিরও পর্যবেক্ষণ করছে জামায়াত।
তিনি বলেন, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই অপেক্ষা না করে তার আগেই নির্বাচন চায় তার দল।
শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচনটা চাচ্ছি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।
তিনি আরও বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক। আর সেটা অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে চাই।
বৈঠক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।