বিদেশি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষার ফি এখন থেকে সহজেই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ও লেভেল বা এ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষাকেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এসব পরীক্ষাকেন্দ্রকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে রেমিট্যান্স পাঠানোর আগে পরীক্ষাকেন্দ্র থেকে প্রয়োজনীয় ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ ধরনের সংস্কারের মাধ্যমে বিদেশে শিক্ষাবিষয়ক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। ব্যাংকগুলো এখন ইনভয়েস ও বিস্তারিত বিবরণীর ভিত্তিতে সরাসরি রেমিট্যান্স কার্যকর করতে পারবে। এর আগে, এ ধরনের যেকোনো রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। ফলে অনেক সময় পরীক্ষার্থীদের পরীক্ষার ফি সময়মতো পরিশোধে জটিলতা দেখা দিত। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের লেনদেনকে সহজীকরণ ও আধুনিকীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।