বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কার্যক্রম হাতে নিলেও পুলিশ বাহিনী পুরোপুরি কার্যকর না হলে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। আছে নীতির ধারাবাহিকতার অনিশ্চয়তা। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা নিয়েও আছে অনিশ্চয়তা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতের অমিলের কারণে রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এসব কারণে অর্থনীতি ব্যাহত হবে।
গতকাল বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন ২০২৫-এ এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক এসব রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলেছে। বিশ্বব্যাংক আরও বলছে, ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী থাকবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংককে মুদ্রানীতিতে কঠোর অবস্থান ধরে রাখবে। ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটি আরও মনে করে, টাকার অবমূল্যায়ন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসবে। সরকারি ও বেসরকারি- উভয় বিনিয়োগই কমছে। নীতিগত অনিশ্চয়তা ও উচ্চ সুদের কারণে বেসরকারি বিনিয়োগে তেমন একটা গতি আসবে না বলেই মনে করছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকার মূলধনী ব্যয় হ্রাসের নীতি গ্রহণ করায় সরকারি বিনিয়োগ কমবে। কিন্তু ভর্তুকি ও সুদ ব্যয় বেড়ে যাওয়ায় এর সুবিধা তেমন একটা পাওয়া যাবে না।
এ বাস্তবতায় বিশ্বব্যাংক মনে করে, কিছু কিছু খাতে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার করতে হবে। তারা মনে করছে, সংস্কারের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দ্বিতীয়ত সরকারি ও করপোরেট খাতে সুশাসন আরও সংহত করা। তৃতীয়ত দেশে উন্নয়নমূলক কার্যক্রমের যে চাহিদা, তা মেটাতে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। অনেক দিন থেকেই বিশ্বব্যাংক এ কথাগুলো বলে আসছে। তারা মনে করছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রাজস্ব-জিডিপির অনুপাত ছিল মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। এই রাজস্ব দিয়ে দেশের প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়। চতুর্থত বাংলাদেশের আর্থিক খাতের ভঙ্গুরতা নিয়ে কথা বলেছে বিশ্বব্যাংক। তারা বলেছে, দেশে আর্থিক খাত যেভাবে ভঙ্গুর হয়ে পড়েছে, তাতে জরুরিভিত্তিতে এই খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার করা দরকার। এ জন্য নীতি প্রণেতাদের কার্যকর সমাধান পদ্ধতি খুঁজে বের করা দরকার।
আরও ৩০ লাখ মানুষ অতি গরিব হবে : এদিকে চলতি বছর বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ অতি গরিব হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতি দারিদ্র্যের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। এ ছাড়া সাধারণ মানুষের, বিশেষ করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথগতির কারণে ঝুঁকিতে থাকা গরিব মানুষের ওপর বেশি প্রভাব ফেলছে। এতে বৈষম্য আরও বাড়বে বলে বিশ্বব্যাংক মনে করে।
শুধু অতি দারিদ্র্য হার নয়; জাতীয় দারিদ্র্য হারও বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯ দশমিক ৩ শতাংশে উঠবে। জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল সাড়ে ২০ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হবে।
২০২২ সালের জনশুমারি অনুসারে দেশের সংখ্যা প্রায় ১৭ কোটি। বিশ্বব্যাংকের হিসাবটি বিবেচনায় আনলে ২০২৫ সাল শেষে অতি গরিব মানুষের সংখ্যা হবে ১ কোটি ৫৮ লাখের মতো। অন্যদিকে জাতীয় দারিদ্র্য হার বা গরিব মানুষের সংখ্যা হবে ৩ কোটি ৯০ লাখের মতো।
মূলত প্রকৃত আয় কমে যাওয়ার কারণেই মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায় কিংবা গরিব থেকে আরও গরিব বা অতিগরিব হয়। গরিব মানুষ বৃদ্ধির কারণ হিসেবে দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক শ্লথগতির কথাও বলেছে বিশ্বব্যাংক।
আন্তর্জাতিক দারিদ্র্যরেখা দিয়ে গরিব মানুষ চিহ্নিত করা হয়। ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে দিনে ২ দশমিক ১৫ ডলার আয় করে প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্য না থাকলে অতিদরিদ্র হিসেবে ধরা হয়। এটি আন্তর্জাতিক দারিদ্র্যরেখা।
তবে প্রতিটি দেশের জন্য নিজস্ব একটি দারিদ্র্যরেখা ঠিক করা হয়। বাংলাদেশের জাতীয় দারিদ্র্যসীমার মানদণ্ড হলো খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮২২ টাকা খরচ করার সামর্থ্য যদি না থাকে তা হলে তিনি দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন বা গরিব হয়ে যাবেন। পাশাপাশি দারিদ্র্য পরিমাপে ১১৯ ধরনের বৈশিষ্ট্য বিবেচনায় আনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
রফতানি ও জিডিপি প্রবৃদ্ধি কমবে : এ মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক। এ বিষয়ে বিশ্বব্যাংক মনে করছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ট্রাম্পের এ বাণিজ্যনীতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে তেমন একটা পড়বে না। তবে ২০২৫-২৬ অর্থবছরে এর পূর্ণাঙ্গ প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে অনুভূত হবে। সংস্থাটি বলেছে, প্রভাব ঠিক কতটা পড়বে, তা এখনই সুনির্দিষ্ট হয়ে বলা সম্ভব নয়। কারণ ট্রাম্পের সিদ্ধান্ত ও নীতি ক্ষণে ক্ষণে বদলায়। সেই অনিশ্চয়তা মাথায় রেখেও তাদের হিসাব বৈশ্বিক এ বাণিজ্যযুদ্ধের কারণে বাংলাদেশের রফতানি ও প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি যথাক্রমে ১ দশমিক ৭ শতাংশ ও শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট হারে কমবে।
মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমবে : চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও বেশি হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস, চলতি বছর গড় মূল্যস্ফীতির হার দাঁড়াবে ১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
বিশ্বব্যাংক মনে করছে, মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমবে। কিন্তু খাদ্যের উচ্চমূল্য ও বাড়তি আমদানি মূল্যের কারণে মূল্যস্ফীতির চাপ থেকেই যাবে; এর সঙ্গে সরবরাহজনিত জটিলতায় পরিস্থিতির অবনতি হতে পারে। কঠোর মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতির হার হয়তো ধীরে ধীরে কমবে। তবে কী হারে কমবে, তা নির্ভর করবে মুদ্রানীতির কার্যকারিতার ওপর। বিশ্বব্যাংক মনে করছে, আর্থিক খাত সংহত করার যে প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার নিয়েছে, বিশেষ করে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা, তাতে মূল্যস্ফীতির চাপ একসময় কমতে শুরু করবে। সেই সঙ্গে মুদ্রার বিনিময় হার নির্ধারণে যে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তার কারণে মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা আসবে এবং বিদেশি মুদ্রার মজুদ (রিজার্ভ) স্থিতিশীল থাকবে। আরও বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ করা হলে মধ্য ও দীর্ঘমেয়াদে অর্থনীতি উপকৃত হবে।
ব্যয় সংকোচনের পরও ঋণ বাড়বে : অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজস্ব আদায়ে ধীরগতি থাকার কারণে সরকার যতটুকু ব্যয় করতে পারত, ততটুকুও করা সম্ভব হবে না বলে মনে করছে বিশ্বব্যাংক। তারা মনে করছে, মধ্য মেয়াদে রাজস্ব আদায় বাড়ানো না গেলে অবকাঠামো ও মানব উন্নয়ন খাতে সরকারের পক্ষে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে না। এত কিছুর পরও চলতি অর্থবছরে সরকারের ঋণ কিছুটা বাড়বে। ঋণের অনুপাতে জিডিপির সাপেক্ষে ১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৩৭ দশমিক ৮ শতাংশে উঠবে। সেই সঙ্গে বিদেশি ঋণের অনুপাতও বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক- আগের অর্থবছরে যা ছিল ১৩ দশমিক ৯ শতাংশ, এবার তা ১৪ দশমিক ১৬ শতাংশে উঠবে বলে তাদের পূর্বাভাস।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত এ দেশীয় প্রধান গেইল মার্টিন বলেন, আর্থিক খাতের সংস্কার, বাণিজ্য সহজীকরণ ও অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধিতে বাংলাদেশকে সাহসী পদক্ষেপ নিতে হবে।
বিশ্বব্যাংক মনে করছে, প্রয়োজনীয় সংস্কার করা গেলে মধ্য মেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বাড়বে। কঠোর মুদ্রানীতি, আর্থিক খাত সংহতকরণ ও গুরুত্বপূর্ণ আমদানি পণ্যের সীমাবদ্ধতা প্রত্যাহার করা হলে মধ্য মেয়াদে মূল্যস্ফীতিও কমবে। যদিও বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে অর্থনীতিতে (বহির্বাণিজ্য-সংক্রান্ত খাতে) চাপ বাড়বে।
দুই প্রকল্পে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক : এদিকে চাকরি সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশকে ৮৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির এই অর্থ দুটি প্রকল্পে ব্যয় করতে পারবে বলে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ গেইল মার্টিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংস্থাটির ঢাকা অফিস জানায়, বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি অনুযায়ী, সংস্থাটি বাংলাদেশকে মোট ৮৫ কোটি ডলারের আর্থিক সহায়তা দেবে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশকে দেওয়া আর্থিক প্যাকেজের মধ্যে দুটি প্রধান প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। ‘বে-টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’। এ প্রকল্পে ৬৫ কোটি ডলার ব্যয় করা হবে। এ প্রকল্পের মাধ্যমে বে-টার্মিনাল গভীর সমুদ্রবন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। এর ফলে বন্দরের জাহাজ হ্যান্ডলিংয়ের ক্ষমতা বাড়বে এবং পরিবহন খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশ্বব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এ বন্দরের উন্নয়ন বাংলাদেশের রফতানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং প্রতিদিন প্রায় এক মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। বৃহত্তর জাহাজ আগমনের সুবিধা তৈরি হওয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এ ছাড়াও প্রকল্পটি নারী উদ্যোক্তা এবং বন্দর পরিচালনায় নারী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
দ্বিতীয়ত ‘স্ট্রেন্থেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইম্প্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন, অ্যান্ড টার্গেটিং (এসএসপিআইআরআইটি)’ প্রকল্পের আওতায় ২০ কোটি ডলার ব্যয় করা হবে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৫ লাখ মানুষ সরাসরি নগদ অর্থ ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবে। এ ক্ষেত্রে যুব, প্রতিবন্ধী ব্যক্তি, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি জাতীয় ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি তৈরি করা হবে, যা প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং তাদের কাছে সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্রঋণ এবং পরামর্শ প্রদানের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
এএড/