পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত বিক্রি হবে। এ সময় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
গত রোববার (৪ মে) বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।
এবার ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সোমবার বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন ব্যক্তি একবারই কাটতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে।
ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ নামে তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ক্যাটল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। জামালপুরের ইসলামপুর থেকে দ্বিতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বেলা ৩টা ৪০ মিনিটে। দেওয়ানগঞ্জ বাজার থেকে পরদিন বিকেল পাঁচটায় পশুবাহী তৃতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
ঈদ উপলক্ষ্যে ১০টি যাত্রীবাহী বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এর মধ্যে তিস্তা স্পেশাল ট্রেন ৪ থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে চলাচল করবে। একই সময়ে চট্টগ্রাম-চাঁদপুর পথে চলাচল করবে চাঁদপুর স্পেশাল। ঈদের পর ফিরতি যাত্রার যাত্রীদের জন্য এসব বিশেষ ট্রেন ৯ থেকে ১৪ জুন চলাচল করবে। একই সূচি মেনে গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত পার্বতীপুর স্পেশাল নামের দুটি ট্রেন চলাচল করবে। ঈদের দিন শোলাকিয়া ঈদগাহে নামাজের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পথে চারটি বিশেষ ট্রেন চলাচল করবে।
ঈদ উপলক্ষ্যে ৩ জুন থেকে ঈদ পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হবে। ঈদে বাড়তি যাত্রীর চাহিদা পূরণে পাহাড়তলী কারখানা থেকে ২৯টি মিটারগেজ ও সৈয়দপুর কারখানা থেকে ১৫টি ব্রডগেজ কোচ ট্রেনে সংযোজন করা হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
সময়ের আলো/জেডআই