তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। শনিবার (১৭ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে মাহবুবা ফারজানা বলেন, ঐতিহ্যবাহী ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ ভিজ্যুয়াল বা চিত্রভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের গৌরবময় দায়িত্ব পালন করছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে ফিল্ম ভল্ট ব্যবস্থাপনাকে আরো উন্নত ও আধুনিক করা হবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাস যেন বিকৃত না হয়, তা নিশ্চিত করতে এই আর্কাইভ নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করবে।
সভাপতির বক্তৃতায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেই দলিল সংগ্রহ ও সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ করতে একটি অগ্রাধিকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণের আঁতুড়ঘর হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ফিল্ম আর্কাইভের পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান, ফিল্ম এডিটর ও পরিচালক ফজলে হক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, প্রযোজক ও পরিচালক সায়মন সাদিক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা হেলাল খান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশেষজ্ঞ কমিটির সদস্য লাবিব নাজমুস সাকিব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান সংক্রান্ত জুরি বোর্ডের সদস্য সাইদুর রহমান সাইদ।
এসটিও