ইতালির প্রধানমন্ত্রী আসছেন গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু

এমএকে জিলানী

জাতীয়

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী আগস্টের শেষ সপ্তাহে ঢাকা সফর করতে পারেন। আসন্ন সফরে দুই পক্ষের আলোচনায় গুরুত্ব পাবে অভিবাসন

2025-05-21T05:27:53+00:00
2025-05-21T05:27:53+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
ইতালির প্রধানমন্ত্রী আসছেন গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু
এমএকে জিলানী
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:২৭ এএম   (ভিজিট : ৪৭৪)
ছবি: সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী আগস্টের শেষ সপ্তাহে ঢাকা সফর করতে পারেন। আসন্ন সফরে দুই পক্ষের আলোচনায় গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু। এ ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাত ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। সামনের এই সফরে দুই পক্ষের মধ্যে একাধিক ইস্যুতে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর আসন্ন সফরটি সফল হলে ঢাকা-রোম সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউরোপের দেশ ইতালির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। ইউরোপে যুক্তরাজ্যের পর ইতালিতেই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ইতালিতে কমবেশি ২ লাখ বাংলাদেশি বসবাস করেন। ইতালি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালে দুই দেশের মধ্যে ২ দশমিক ৭ বিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রা এবং ২০২৩ সালে ২ দশমিক ২ বিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার বাণিজ্য হয়েছে। ইতালি বাংলাদেশের ষষ্ঠতম রফতানি গন্তব্যস্থল এবং ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিতীয় গন্তব্যস্থল। ইতালি বাংলাদেশ থেকে মূলত তৈরি পোশাক, পাদুকা ও চামড়াজাত পণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ ইতালি থেকে সাধারণভাবে টেক্সটাইল এবং বিভিন্ন শিল্পের যন্ত্রপাতি আমদানি করে। যা ইতালির রফতানি বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশের সমান। ২০২৩ সালে বাংলাদেশে ইতালির নেট এফডিআইয়ের (বিদেশি বিনিয়োগ) পরিমাণ ছিল ১৩২ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রা। ইতালির ব্যবসায়ীরা মূলত বাংলাদেশের টেক্সটাইল, কৃষি-শিল্প এবং জ্বালানি খাতে ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ করেছে। ইতালি সরকার রোহিঙ্গা সংকট নিরসনে এই খাতে মানবিক সহায়তা হিসেবে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ১৪ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে দিয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফর করলে তা হবে ইতালির প্রথম কোনো শীর্ষ প্রধানের বাংলাদেশ সফর। এর আগে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদি গত ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। ইতালির ভাইস মিনিস্টারের ওই সফরটি ছিল, গত ৮ বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইইউভুক্ত (ইউরোপীয় ইউনিয়ন) কোনো দেশ হতে প্রথম মন্ত্রী পর্যায়ের সফর ছিল তা। এরপর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেডোসি গত ৫ ও ৬ মে ঢাকা সফর করেন। ওই সফরে দুই পক্ষের মধ্যে অভিবাসন ইস্যুতে উভয় পক্ষের মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে।

আসন্ন সফরের সময়-সূচি এবং এজেন্ডা চূড়ান্ত করতে দুই পক্ষের কূটনীতিকরা কাজ করছেন। ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিয়মিত অভিবাসনকে উৎসাহ দেওয়া। ইতালিতে বাংলাদেশি কর্মীদের সুনামের পাশাপাশি অবৈধপথে বিদেশ পাড়ি দেওয়ার দুর্নামও রয়েছে। ইতালি সরকার বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিতে চায়। কিন্তু অনিয়মিত অভিবাসনে ইতালি বিশ্বাস করে না। ইতালি সরকার চায় যে বাংলাদেশিরা বৈধ পথে ইতালি পাড়ি দিক। ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই পক্ষের মধ্যে অভিবাসন ইস্যুতে নতুন একটি সমঝোতা সই করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। বাংলাদেশিরা অবৈধপথে বিদেশ পাড়ি দেওয়ায় অভিবাসন ইস্যুতে ইতালির ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ঢাকার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ করা হবে। এ ছাড়াও আসন্ন সফরে টেক্সটাইল, কৃষি-শিল্প এবং প্রতিরক্ষাসহ একাধিক খাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা সই হতে পারে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেডোসি গত ৫ মে ঢাকা সফরে এসে বলেন, ঢাকা সফরে আসার আমার অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় শেয়ার করতে চাই যে অনেক বাংলাদেশি অবৈধপথে ইতালি যায়, যা খুবই বিপজ্জনক। কিন্তু আমরা তাদেরকেই চাই যারা বৈধ পথে ইতালি আসে। সাগরপথ পাড়ি দিয়ে যারা ইতালিতে প্রবেশ করেন তারা মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। এমন অবৈধ কর্মকাণ্ডরোধে আমরা বাংলাদেশের সহযোগিতা চাই। এই বিষয়ে ইতালি বাংলাদেশের সঙ্গে নতুন একটি সহযোগিতামূলক নীতির প্রস্তাব দিচ্ছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর গত মে মাসের সফরে দুই দেশের মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ইতালির পক্ষে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেদোসি সই করেন।

ওই সময় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বৈধ পথে মাইগ্রেশন বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। যারা ইতালি গমনেচ্ছু তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই আমাদের লক্ষ্য। ইতালি নিয়মিত (সিজনাল) ও অনিয়মিত (নন-সিজনাল) দুইভাবে লোক নেবে। আমাদের পরিকল্পনা আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব। তারা বছরে একবার করে মিটিং করবে। আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে আমাদের কর্মীরা যাতে ইতালির ভাষা শিখতে পারে, আমরা সে বিষয়ে কাজ করছি। আমাদের দূতাবাসের ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয়। এ ছাড়া ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র আছে, তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয়। অভিবাসনের দিক দিয়ে আমাদের যেন ইতালির সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে।

ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস গত সোমবার এক বার্তায় জানিয়েছে, কিছু আবেদনকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে, ইতালি দূতাবাস জানাতে চায় যে তাদের ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। বর্তমান ২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্ভব হলে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের একটি অগ্রাধিকার, যা প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে। একইসঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে। এর মধ্যে রয়েছে জরুরি কেসগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশুরা বা মানবিক পরিস্থিতির ক্ষেত্রে। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকারভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে। ইতালি দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ধৈর্য ধারণ করেন এবং ভিএসএফ গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া-সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেন।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: