বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা থেকে বৃষ্টির মধ্যেই ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নেন তারা।
কয়েকদিন ধরে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। বন্ধ রয়েছে সব সেবা। নগর ভবনের ভেতরেও অবস্থান নিয়ে আন্দোলন করছেন ডিএসসিসির কর্মচারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ডিএসসিসির মেয়র হিসেবে নির্বাচিত হয়েও প্রশাসনিক জটিলতায় শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
এদিকে ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেনো আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইল না, সে প্রশ্নও তুলেছেন সর্বোচ্চ আদালত।
আদালত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা প্রত্যাশা করে না মানুষ। পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে তাকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা।
/এসটিও