করোনাভাইরাস নিয়ে এখনই সতর্কতার সময় সরকারের প্রস্তুতি কতটুকু

সম্পাদকীয়

দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। সারা দেশে এ পর্যন্ত বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে মিডিয়ায় সংবাদ

2025-06-11T03:40:47+00:00
2025-06-11T03:40:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সম্পাদকীয়
করোনাভাইরাস নিয়ে এখনই সতর্কতার সময় সরকারের প্রস্তুতি কতটুকু
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৩:৪০ এএম 
ছবি : সময়ের আলো
দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। সারা দেশে এ পর্যন্ত বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ বেড়েছে। যে কারণে স্বাস্থ্য অধিদফতর থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
 
সতর্কতায় প্রথমে বলা হয়েছে- জরুরি প্রয়োজন ছাড়া যেন এসব দেশে ভ্রমণ করা না হয়। মানুষের যেকোনো প্রয়োজনে বিদেশে যেতে হতে পারে। তবে ক্ষেত্রবিশেষে সতর্কতা অবলম্বন এখন জরুরি হয়ে পড়েছে। কেন স্বাস্থ্য অধিদফতর এ ধরনের সতর্কতা জারি করেছে। এর অন্যতম কারণ হচ্ছে- ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে। এর মধ্যে ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাংলাদেশের জন্য ঝুঁকি যে কারণে তা হলো, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

আশার কথা, শাহ আমানত বিমানবন্দরে সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিমানবন্দরে সবাই যেন মাস্ক ব্যবহার করে তার জন্য কড়া নজরদারি প্রয়োজন। শুধু নির্দেশনা দিয়ে দায়িত্ব পালন করা যাবে না। আন্তর্জাতিক বিমানবন্দরে যারা বিদেশ থেকে আসবেন তাদের জন্য  ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং যন্ত্রপাতি বসানো হয়েছে। তবে এই যন্ত্রপাতি যেন শুধু লোক দেখানো না হয়। এই যন্ত্রপাতি দিয়ে যেন সবাই সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

এখন ঈদ ফিরতি সময়। যদিও অনেকের কর্মস্থলে যোগদান করতে আরও কয়েক দিন সময় নেবে। এরপরও এখন থেকে ফিরতি যাত্রীদের মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনুরোধে অনেক সময় কাজ হয় না। যে কারণে মাস্ক পরার বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্ব দিতে হবে। ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি সম্পর্কে রেলপথ মন্ত্রণালয়কে খোলাসা করা প্রয়োজন। অনেকে স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন। মাস্ক পরার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা যায় কি না- তা এখন ভেবে দেখার সময় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর তাদের রুটিন অনুযায়ী নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনায় দিনে সাতবার প্রয়োজনমতো অন্তত ২৩ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়েছে। আবার আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু এসব মানার বিষয়টি মনিটর করার ক্ষেত্রে সরকারি পর্যায়ে যেমন বিভিন্ন সংস্থার দায়িত্ব রয়েছে।  তেমনি রয়েছে ব্যক্তিগত সচেতনতা। তবে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, সময়মতো ব্যবস্থা গ্রহণ আর সর্বসাধারণের সতর্কতা বজায় রাখার মাধ্যমেই এই নতুন সংক্রমণ ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। কিন্তু সাধারণ মানুষকে সতর্ক করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো হ্যান্ডবিল দেখা যাচ্ছে না। এমনিতে অনেকে স্বাস্থ্য সম্পর্কে উদাসীন। আর এই উদাসীনতার কারণে নিজের পরিবারের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি বেশি করে প্রচার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিজেদের মধ্যে সতর্কতা। কোনোভাবেই নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করা সমীচীন হবে না। ঘরে-বাইরে তাই এখনই সতর্কতার সময় এসেছে।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
সম্পাদকীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: