অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যেহেতু এটি একটি আইনি বিষয়, তাই টিউলিপ সিদ্দিকের চিঠিটি আইনি পথেই সমাধান করা হবে।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ ছিলেন না।
শফিকুল আলম আরও বলেন, আগামী শুক্রবার (১৩ জুন) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাই ড. ইউনূসের সঙ্গে মিটিংটি হবে।
প্রেস সচিব বলেন, তাদের দুজনের আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো ধরনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
সময়ের আলো/এমএইচ