বৈশাখ-জ্যৈষ্ঠ মানেই অসহনীয় গরম। যদিও গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তবুও কমছে না ভ্যাপসা গরম। তীব্র গরমে এক ধরনের হাঁসফাঁস তৈরি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি, ফলে গরমের অস্বস্তি আরও বাড়ে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ শতাংশ। তবে আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং একইসঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আর এসময়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
অন্যদিকে, বৃহস্পতিবার দেশের ২৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ কমতে পারে। আর শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সময়ের আলো/জেডআই