বৃষ্টির প্রবণতা কমে আসায় বেড়েছে গরমের দাপট। গত কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আজ সকাল থেকে ঢাকা এবং আশপাশের এলাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। তবে ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি।
শনিবার (১৪ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে।
এছাড়া এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এনএইচ