জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।’
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে আমরা সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।’
তিনি বলেন, ‘সমস্ত বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না। তবে জাতি ও রাষ্ট্রের স্বার্থে অন্তত কিছু বিষয়ে এক জায়গায় আসতে পারলে সেটাই হবে আমাদের অর্জন।’
এদিন আলোচনায় ছিলেন, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।