ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছেন। হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে না পারা এই ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার মার্কেটের কারসাজির অভিযোগে মামলা করেছেন দুদক।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের মহা-পরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে। তারা সংঘবদ্ধভাবে ক্রমাগত ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগে প্রতারণা ও প্রলুব্ধ করেছে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের প্রচুর ক্ষতি হয়েছে।
দুদক মহা-পরিচালক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ এবং ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
সাকিব আল হাসান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় বাকিরা হলেন- সমবায় অধিদফতরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
/এসটিও