শপথ না নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অবৈধভাবে দায়িত্বপালনের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে।
বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে একটু সমস্যা চলছে। আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন ডেঙ্গুর সময়। যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কতদিন এভাবে চলবে- দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি করপোরেশনগুলো কনসার্ন আছে।
উপদেষ্টা বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।
ইশরাক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করবো।
/এসটিও