মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো।
এমন পরিস্থিতিতে সোমবার (২৩ জুন) থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।
এনএইচ