অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন, মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের তরুণদের মাদকের হাত থেকে বাঁচাতে হবে। তাদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার কাজে ব্যবহার করতে হবে। মাদক পরিবহনে নারী, শিশু ও কিশোরদের অপব্যবহার বন্ধ করতে হবে। এ সময় মাদকের ভয়াবহতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান উপদেষ্টা।
তিনি উল্লেখ করে আরও বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক ড্রাগসের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। নতুন নতুন এসব মাদক নিয়ে আমাদেরকে নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। এসব মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে এগুলোকে আইনের তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সব আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।
/এসটিও