জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া করা হয়েছে।
এ সময় দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
মঙ্গলবার (১ জুলাই) জোহর নামাজের পর উপস্থিত মুসল্লিদের নিয়ে এ মোনাজাত করা হয়।
মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা হয়। আহতদের জন্য চাওয়া হয় সুস্থতা। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।