দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৩ জন।মঙ্গলবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের তথ্য মতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩২ হাজার ২৭৯টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য চার শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এর আগের দিন সোমবার (৩০ জুন) মৃত্যু শূণ্য দিনে আক্রান্ত হয়েছিলেন ২১ জন। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। আর মোট মৃত্যু হয়েছে ২২ জনের।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।
/এসটিও