দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও কারও মৃত্যু হয়নি। তবে বুধবার (২৪ ডিসেম্বর) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৩ জন। এর আগের দিন গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে কেউ মারা যায়নি কিন্তু আক্রান্ত হয়েছিলেন ১২৬ জন। এই নিয়ে ডিসেম্বরের ২৪ দিনে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১৮ জন। ফলে সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ২১৫ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি হয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান। এ ছাড়া, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২হাজার ৫২০ জন।
জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে । এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
সময়ের আলো/এনএ