ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বুধবার (৯ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি

2025-07-09T20:00:17+00:00
2025-07-09T20:00:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম 
সংগৃহীত ছবি
বুধবার (৯ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাডার এবং জাপানের ভূ-উপগ্রহ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি।

এই আবহাওয়াবিদ জানান, আজ রাতেই কুমিল্লা এবং ফেনীর বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা রয়েছে।

এক ফেসবুক পোস্টে এই শঙ্কার জানিয়ে তিনি লিখেছেন, ফেনী ও কুমিল্লা জেলার উপরে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে। ইতোমধ্যে ফেনীর মুহুরী এবং চট্টগ্রামের হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে।
 
ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের বিষয়ে সতর্ক করে তিনি লিখেছেন, বিকেল ৪টা ৩২ মিনিটের সময় ভারতীয় আবহাওয়া অধিদফতর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র হতে দেখে যায়, আবারও ফেনী ও চট্টগ্রাম জেলাসহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সব জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আজ সারা রাত অব্যাহত থাকার শঙ্কা রয়েছে।
 
একই সময়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ও দক্ষিণ দিকের জেলাগুলোতেও। ফলে আশঙ্কা করা যাচ্ছে রাতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর জেলার সব নদীর পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকবে। এর সঙ্গে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে ঢল নদী-নালায় যোগ হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
 
পোস্টে তিনি আরও লিখেছেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছে দুপুর আড়াইটায় খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে। বিকেল ৪টার পর থেকে আবারও ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বিকেল ৫টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় একটানা অতিবৃষ্টির কারণে ফেনী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   আবহাওয়া  বন্যা  বৃষ্টি  পূর্বাভাস  ফেনী  কুমিল্লা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: