গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। এসব রোগীর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫০ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৩৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৫৯১ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৩ হাজার ৯৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূণ্যে নেমে আসে।
সময়ের আলো/জেডআই