বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম

2025-07-16T19:20:59+00:00
2025-07-16T19:20:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর যেহেতু মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় তাই দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়াও কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। ঝুঁকিপূর্ণ এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই দুর্যোগপূর্ণ অবস্থার পেছনে মূলত বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত লঘুচাপ দায়ী, যা দেশের দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাত এবং ঝড়ো পরিস্থিতি তৈরি করছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের ছাউনি, নৌকা ও হালকা কাঠামোগত ঘরের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বৃষ্টি  আবহাওয়া্  বজ্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: