রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, ভিডিওগুলো পুরনো। এগুলোর সঙ্গে চলমান কোনো ঘটনার সম্পর্ক নেই।
রোববার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। এসব ভিডিওগুলোকে উদ্দেশ্যমূলকভাবে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে। ওইসব স্থানে আজ এ রকম কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে নগরবাসীকে আহ্বান জানানো হলো। এছাড়াও কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপি তৎপর রয়েছে।
/এসটিও