মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দেশজুড়ে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় গুরুত্বপূর্ণ ১০টি তথ্য জেনে রাখা দরকার।
হটলাইন :উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি সেবা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো : 01949043697
জাতীয় শোক :এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
যে সব হাসপাতালে আছেন আহতরা : হাসপাতাল তিনটি হলো- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।
এ ছাড়াও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরার বিভিন্ন হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে।
নিহত :এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আহত :আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।
পাইলটের মৃত্যু :বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও এ দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে তিনি মারা যান।
উদ্ধার কার্যক্রম :ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছে।
দুর্ঘটনার সময় :বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।
দুর্ঘটনার স্থান :ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান :বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। বিমানটিতে একজনই পাইলট ছিলেন।
জেডও/