বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে এখন ৯৪তম।
বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর ১০১তম।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত শুক্রবার (১৮ জুলাই) সূচকটি প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্য মতে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশ ভ্রমণ করতে পারবেন।
ভিসা ছাড়া যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে- বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিচিলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে ই-ভিসা নিতে হবে।
নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পরে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
/এসটিও