জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ দেওয়া যাবে। তিনি বলেন, শিগগির জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশন বৈঠক করবে। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে।
তিনি বলেন, ১৮টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং ১২টি আংশিকভাবে বাস্তবায়ন করা হয়েছে বলে কমিশনকে জানিয়েছে সরকার। এছাড়া বাস্তবায়নের পথে রয়েছে ৯২টি।
তিনি আরও বলেন, আমরা আশা করি, এই প্রক্রিয়া খুব শিগগিরই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই পর্বের আলোচনা সাফল্যের দিকে এগিয়েছে এবং কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের জন্য বেশ কয়েকটি সুপারিশ বা সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে।
আলী রীয়াজ বলেন, খসড়া নিয়ে দলের মতামত নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেওয়া যাবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, যার মধ্যে বেশ কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে (অধ্যাদেশ, নীতি এবং নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে)। দ্বিতীয় পর্বে ২০টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা হয়, যেখানে ১১টি বিষয়ের ওপর সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এবং বাকী ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, কিছু দলের ভিন্নমত রয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ের উপর আলোচনা হয়নি।
সময়ের আলো/এসটিও