
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচারের মামলায় গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে এনায়েত করিম চৌধুরীকে হাজির করে পুলিশ। এরপর দুদকের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর হলো। রিমান্ড মঞ্জুরের কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন এনায়েত করিম চৌধুরী। পরে পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে হাজতখানায় যান তিনি।
জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ পুলিশের সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেজ কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধান চলাকালে বেনজীরের অর্থপাচারের সঙ্গে আসামি এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায় দুদক।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের জন্য ভিনদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরী ও তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। তার আগে ১৫ সেপ্টেম্বর একই মামলায় তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড থেকে এনায়েতকে গ্রেফতার করে পুলিশ।
/এমএইচআর