বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।
হাইকমিশনের তথ্যানুসারে, সফরকালে ব্যারোনেস উইন্টারটন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন- এর মধ্যে রয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। এসব বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে যুক্তরাজ্যের অংশীদার থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।
ঢাকা ছাড়াও ব্যারোনেস উইন্টারটন চট্টগ্রামে যুক্তরাজ্য-সমর্থিত বিনিয়োগ প্রকল্পগুলো পরিদর্শন করবেন। এসব প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহ শৃঙ্খল উন্নয়ন ও উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তার সফরে বিমান চলাচল, নবায়নযোগ্য জ্বালানি, উচ্চশিক্ষা ও প্রতিরক্ষা খাতের অংশীদারদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ হাইকমিশন বলছে, সফরের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার উদ্যোগকে সমর্থন দেওয়া এবং দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করা।
এ সফরে যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’-এর গুরুত্বও তুলে ধরা হবে। এই কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সহায়ক হবে।
ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রাকে যুক্তরাজ্য গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করছে। আমি এখানে এসেছি নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে বের করতে এবং পারস্পরিক সমৃদ্ধির সুযোগ বাড়াতে।’
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘ছয় মাসের ব্যবধানে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের দ্বিতীয় সফর প্রমাণ করে, বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে যুক্তরাজ্যের অঙ্গীকার কতটা দৃঢ়। দুই দেশের বাণিজ্য সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’
এএডি/