আগামীকাল ভোরে আমরা ‘রেড জোনে’ পৌঁছাব : শহিদুল আলম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসায়েন্স নামের জাহাজটি আগামীকাল বুধবার (৮ অক্টোবর) ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে

2025-10-07T20:00:30+00:00
2025-10-07T20:12:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
আগামীকাল ভোরে আমরা ‘রেড জোনে’ পৌঁছাব : শহিদুল আলম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৮:১২ পিএম
আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসায়েন্স নামের জাহাজটি আগামীকাল বুধবার (৮ অক্টোবর) ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে শহীদুল আলম লিখেছেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে পড়ে না যায়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসব জাহাজও এফএফসির (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন) অংশ।’

শহীদুল জানান, ‘ধীরগতির নৌযানগুলো (থাউজেন্ড ম্যাডলিনস) এখন আমাদের সমকাতারে এসেছে। আমরা এখনও “রেড জোন” থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আছি।’

রেড জোন বলতে শহীদুল আলম বুঝিয়েছেন, যেখান থেকে ইসরায়েলি সেনারা সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি জাহাজ আটকে অধিকারকর্মীদের গ্রেপ্তার করেছে। শহীদুলদের বহরে মোট ১১টি জাহাজ আছে।

আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’ শিরোনামে এই যাত্রার আয়োজন করেছে। এফএফসি ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি। কনশানস সবার শেষে (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা করেছিল।

গত ২-৩ অক্টোবর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কেও থামিয়ে দেওয়া হয় এবং ৪০টির বেশি জাহাজসহ প্রায় ৫০০ অ্যাকটিভিস্টকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। সে প্রসঙ্গ টেনে শহিদুল লেখেন, ‘তবুও আমরা এগিয়ে যাচ্ছি। কনশানস জাহাজে মূলত সাংবাদিক ও চিকিৎসকেরা আছেন। তারা সেই দুই পেশাজীবী গাজায় যাদের ইসরায়েল সুনির্দিষ্টভাবে টার্গেট করে হত্যা করছে।’

সাংবাদিকদের বহন করায় কনশাসনসকে ‘মিডিয়া ফ্লোটিলা’ও বলা হচ্ছে। জাহাজটিতে মোট ৯৬ জন অ্যাকটিভিস্ট আছেন, যার মধ্যে ৮২ জনই মিডিয়া ও চিকিৎসা পেশাজীবী। এদের মধ্যে আবার মিডিয়া ব্যক্তিত্বই বেশি।


শহীদুল আরও লিখেছেন, ‘আজ ৭ অক্টোবর ২০২৫। ২০২৩ সালের এদিন হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালায়, যাতে ১ হাজার ১৯৫ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হন। এর মধ্যে ৮১৫ জনসাধারণ মানুষ। ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দিতে ইসরায়েলকে বাধ্য করার উদ্দেশ্যে ২৫১ জনকে জিম্মিও করেছিল হামাস।

‘জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।’

শহীদুল জানান, ‘দ্য ল্যানসেটের এক গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের জুন নাগাদ আঘাতের কারণে মৃত্যু হওয়া মানুষের সংখ্যাটা কম করে হিসাব করা হয়েছে। পরোক্ষ কারণে মৃত্যু হওয়া মানুষের হিসাব করলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।’

সাম্প্রতিক এক ভিডিও বার্তায় শহীদুল তার দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। তিনি জানান, এই মিশন কেবল সাহায্য পৌঁছানো নয় বরং বিশ্বজনীন সংহতির প্রতীক। তিনি আরও বলেন, ‘কী হবে জানি না, তবে আমরা গাজার পথে আছি।’

তার লক্ষ্য গাজার ওপর চলমান ‘তথ্য অবরোধ’ ভাঙা। এজন্য তিনি সরাসরি সাংবাদিকতা, ধ্বংসযজ্ঞের ছবি তোলা ও তথ্য নথিভুক্ত করা এবং তার সঙ্গে থাকা চিকিৎসকরা সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।

শহীদুল আরও জানান, এই যাত্রা গাজায় ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। তিনি বলেন, ‘পুরো বাংলাদেশ’ এই অভিযানের সঙ্গে রয়েছে। তিনি বিশ্বব্যাপী শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সংহতি প্রকাশের আহ্বান জানান।

সময়ের আলো/এআর


  বিষয়:   শহিদুল আলম  ফ্লোটিলা  গাজা  জাহাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: