অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় গিয়ে ‘সেফ এক্সিট’ চাইছেন বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগের বিষয়গুলো তাকেই পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি অভিমান থেকে এমন কথা বলেছেন, নাকি ওনার কোনো ক্ষোভ আছে এই বিষয়গুলো ওনাকেই পরিষ্কার করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্য বা কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।
পরিবেশ উপদেষ্টা বলেন, তিনি কোনো ‘এক্সিট’ খুঁজছেন না, দেশেই ছিলেন, এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসছে। ওসব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশেই থেকেছেন। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবেন বলে জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনো কোথাও ফেইল করিনি।
সবকিছু মিলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কি আসলে হবে কি না এমন প্রশ্নের জবাবে পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিনি মনে করেন পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তা না। সব রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এইখানে আর কোন প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোন সুযোগ আছে বলে তিনি মনে করছেন না। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া। বিচার কীভাবে চলছে এটা প্রত্যেকে প্রত্যক্ষ করতে পারছেন এবং বিচারের ক্ষেত্রে তাদের যে প্রতিশ্রুতি সেটাও আমরা দেখিয়েছি যে যখন আমরা দেখেছি একটা ট্রাইবুনালের ওপর চাপ বেশি হয়ে যায় তখন আমরা আরেকটা ট্রাইব্যুনাল বাড়িয়েছি। কাজেই বিচার বিচারের গতিতে চলছে। বিচার আমরা অবশ্যই চাই এবং আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক সেজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
সময়ের আলো/জেডআই