আবেগঘন রোজনামচায় যা বললেন সড়ক উপদেষ্টা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শন করতে বুধবার (৯ অক্টোবর) আশুগঞ্জ ও সরাইল যান সড়ক পরিবহন উপদেষ্টা

2025-10-09T13:04:28+00:00
2025-10-09T13:59:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আবেগঘন রোজনামচায় যা বললেন সড়ক উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:০৪ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ১:৫৯ পিএম
যানজটের কারণে মোটরসাইকেলে চড়ে বুধবার (৮ অক্টোবর) গন্তব্যস্থলে যান মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শন করতে বুধবার (৯ অক্টোবর) আশুগঞ্জ ও সরাইল যান সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। আশুগঞ্জ রেল স্টেশন পরিদর্শন শেষে সরাইলের পথে রওনা করেন তিনি।

সরাইল যাওয়ার পথে তীব্র যানজটে পড়েন সড়ক উপদেষ্টা। পরে বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে রওনা হন। সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুকে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই ও সেফ এক্সিট’ শিরোনামে এক পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, ‘গতকাল আমি সকাল ৭:৪৫ মিনিটে ট্রেনযোগে ভৈরব যাই। আমার সঙ্গে ছিলেন যাতায়ত খাত বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী, জেলা ও উপজেলা পরিষদ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ। ট্রেনে ওঠার আগে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করি ও ট্রেনে যাত্রীদের সাথে কুশল বিনিময় করি। ১০টা ১৫ মিনিটে ভৈরব পৌঁছাই ও সেখান থেকে গাড়িতে যেয়ে আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শন করি। সেখানে পৌঁছে বিএনপি, জামাতসহ স্থানীয় জনগণের সঙ্গে কথা বলি। তাদের দাবি, স্টেশনটিকে আগের মতো বি শ্রেণিভুক্ত করতে হবে।’

স্টেশন প্রসঙ্গে তিনি লেখেন, ‘স্টেশনটির বেহাল অবস্থা। উঁচুতে অবস্থিত স্টেশনটিতে মহিলা ও বয়োবৃদ্ধদের ওঠার ব্যবস্থাটি কঠিন। সিগনালিং-সহ স্টেশনটির অন্যান্য ত্রুটি নিরসন ও দীর্ঘমেয়াদে কি করা যায় সে বিষয়ে রেলের মহাপরিচালককে নির্দেশ দিই।’

তিনি আরও লেখেন, ‘সেখান থেকে সরাইলের পথে রওনা হই। সাত/আট কিলোমিটার পথে এক ঘণ্টা অবস্থানের পরেও অগ্রগতি না হওযায় প্রথমে পায়ে হেঁটে ও পরে মোটরসাইকেল যোগে রওনা দিই। মোটরসাইকেল খুঁজতে গিয়ে দেখা যায়, চালক কিংবা যাত্রী কারওই হেলমেট নেই। আট-দশটা মোটরবাইক খুঁজে একটিমাত্র হেলমেট পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির ও অপেক্ষার পরও চালকের জন্য হেলমেট না পেয়ে সবার পরামর্শে একমাত্র হেলমেটটি নিজে পড়ে রওনা দিই। হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে পরামর্শ ও বিআরটিএ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’

দীর্ঘ যানজটের কারণ উল্লেখ করে ফাওজুল কবির খান লেখেন, ‘যানজটের মূল কারণ সরাইল চৌরাস্তার নির্মাণ কাজ হলেও, পথে দেখতে পাই যে মূলত চালকদের শৃঙ্খলাবোধ ও হাইওয়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনার অভাবে যাত্রায় বিলম্ব ঘটছে। উল্লেখ্য, ভারতীয় ঋণে বাস্তবায়িত এ প্রকল্পের ঠিকাদার চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের ফিরিয়ে এনে এখন পুনরায় কাজ শুরু করা হয়েছে। দুই লেনের মূল রাস্তার ডানপাশে দুই লেন ও বামপাশে একটি সার্ভিস লেন আছে। যেগুলোর যথাযথ ব্যবহার করা হলে এত যানজট হবার কথা নয়। মূল রাস্তার দুই পাশে ডিভাইডার স্থানে স্থানে ভেঙে ফেলেছে। পাশ থেকে গাড়ি উঠে দুই লেন কোথাও তিন চার লেনে পরিণত হয়েছে। ফলে সবাই আগে যেতে চাচ্ছে, কেউই আগাতে পারছে না। হাইওয়ে পুলিশ তৎপর থাকলে এটা হত না। এ বিষয়ে পুলিশের আইজিপির সঙ্গে কথা হয়েছে, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলব।’


দ্রুতই রাস্তায় চলাচল স্বাভাবিক হবে জানিয়ে তিনি লেখেন, ‘প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে পরামর্শক্রমে অবিলম্বে রাস্তা সংস্কার বিষয়ে ছয়টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই নির্মাণকাজ তদারকির জন্য অতিরিক্ত প্রদান রকৌশলীসহ ১২ জন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পদস্থ করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত এ রাস্তায় চলাচল প্রায় স্বাভাবিক হবে।’

তিনি বলেন, ‘ফেরার পথে সমকালের সাংবাদিক উপদেষ্টাদের সেফ এক্সিট বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন। এ বিষয়টি উত্থাপনকারী, প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহভাজন ও জুলাই আন্দোলনের অগ্রসেনা হিসেবে শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের ওপর আমার মন্তব্য করা শোভন নয়। তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করি না।’

নিজের কাজের ব্যাপারে তিনি লেখেন, ‘উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে আমার রোজনামচা এমনই। গতকালও রাত ৮টায় বাসায় ফিরেছি। নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিইনি। নিজের সীমিত সামর্থের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতার সূত্রে এর আগে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি। তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়!!!’


আরআর



  বিষয়:   ফাওজুল কবির খান  ফেসবুক  সেফ এক্সিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: