দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘এত দিন ধরে আমাদের মধ্যে যে বৈষম্য ছিলো, যে আগ্রাসন ছিলো, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিলো, সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করছি।’
রোববার (১২ অক্টোবর) বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য আর অধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি। এদেশ থেকে যাওয়ার আর আমার জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে।’
এর আগে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় অভিভাবকদের প্রতি সব শিশুদের টিকা দেয়ার আহ্বান জানান। পরে তিনি এক শিক্ষার্থী টিকা দানের সময় পাশে থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, এ বছর বরিশাল বিভাগে ২৬ লাখ ১৪ জন ৭৭২ জন, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৭১৬ এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জনের টিকাদানের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলার ৪ হাজার ২৭৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা টিকা নিতে পারবে।
এফআর