আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার (১২ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৮৯৮ সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৫৪১ (১) ক্ষমতাবলে ১৮৯৪ সালের দ্য প্রিজন অ্যাক্ট এর ধারা ৩ (বি) অনুসারে ঢাকা সেনানিবাসস্থ বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস’ ভবন নম্বর ৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/কেএইচও