দুই দিনের আল্টিমেটাম, না মানলে যমুনা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দফা দাবিতে টানা ৯ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অবস্থান কর্মসূচির পর এখন তারা অনশন করছেন।

2025-10-20T21:15:24+00:00
2025-10-20T21:15:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দুই দিনের আল্টিমেটাম, না মানলে যমুনা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম 
টিএসসিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ছবি : সময়ের আলো
তিন দফা দাবিতে টানা ৯ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অবস্থান কর্মসূচির পর এখন তারা অনশন করছেন। অনশনরত ৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। একই সঙ্গে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিও। এতে সারাদেশের ৩০ হাজারেরও বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।

আন্দোলনরত শিক্ষকরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টাকে দুই দিন সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না নিলে যমুনা ঘেরাও করবেন শিক্ষকরা। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহিদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ আল্টিমেটাম ঘোষণা করেন।

শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন দুই হাজার টাকা) করেছে সরকার। গত রোববার এ নিয়ে আদেশ জারির পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আশা প্রকাশ করেন, শিক্ষকরা এবার ক্লাসে ফিরে যাবেন। তাদের প্রতি বিশেষভাবে শ্রেণিকক্ষে ফেরার আহ্বানও জানান তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমাদের সিদ্ধান্ত হলো, আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব।

কর্মসূচি সম্পর্কে অধ্যক্ষ আজীজি জানান, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও উপজেলার কেন্দ্রগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিভিন্ন স্থানে যেসব প্রশিক্ষণ চলছে তা বাতিল করে আন্দোলনে যোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। টানা কর্মসূচির অংশ হিসেবে রোববার শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন।

অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয় এই সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে।

এদিকে সোমবার শহিদ মিনারে এসে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

জেডও/

  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  আন্দোলন  যমুনা  সিআর আবরার  ভুখা মিছিল  বেতন  ভাতা  বাড়িভাড়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: