সরকারি পৃষ্ঠপোষকতায় ইসকন দুঃসাহসী হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
শুক্রবার (২৪ অক্টোবর) গুলিস্তানস্থ ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে জুমার আগে বয়ানকালে তিনি এ কথা বলেন।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়; বরং এটি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর একটি অঙ্গসংগঠন।
তার দাবি, ধর্মীয় ছদ্মবেশে ইসকন বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার ইসকনকে দীর্ঘ ১৬ বছর আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার কারণেই সংগঠনটি আজ এতটা দুঃসাহসী হয়ে উঠেছে।
ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে মাওলানা রাব্বানী বলেন, এই সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সিঙ্গাপুর ও আফগানিস্তানের মতো দেশেও তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এটি এখন বাংলাদেশের সাধারণ মানুষেরও দাবি।
তিনি আরও বলেন, অনেক হিন্দু সংগঠনও স্বীকার করেছে যে ইসকনের কর্মকাণ্ড হিন্দুধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই ইসকনের কর্মকাণ্ডের তদন্ত করে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানান তিনি।
সময়ের আলো/জেডআই