আটাবে আর্থিক অসংগতি পেলেন প্রশাসক, তদন্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এ সংগঠনটির বাতিল হওয়া কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছেন প্রশাসক। এতে

2025-10-25T16:14:27+00:00
2025-10-25T16:14:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আটাবে আর্থিক অসংগতি পেলেন প্রশাসক, তদন্তের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম 
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। ফাইল ছবি
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এ সংগঠনটির বাতিল হওয়া কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছেন প্রশাসক। এতে সদস্যদের কাছ থেকে সংগৃহীত ফ্যাম ট্রিপের অর্থের অপব্যবহার এবং সংবিধানের বিধান অমান্য করে বড় অঙ্কের নগদ টাকা উত্তোলনের ঘটনা ধরা পড়েছে।

আটাবের সদ্য বিদায়ী প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ গত ২২ অক্টোবর এক  চিঠিতে জানান, আটাবের দায়িত্ব গ্রহণের পর আর্থিক লেনদেনে একাধিক অনিয়মের বিষয় খুঁজে পান প্রশাসক।
 
চিঠিতে উল্লেখ করা হয়, ১৬ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৯১ জন সদস্যের কাছ থেকে ৪৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা ‘ফ্যাম ট্রিপ’ (ভ্রমণ এজেন্টদের অভিজ্ঞতা বিনিময়মূলক সফর) বাবদ সংগ্রহ করা হয়। অর্থ সংগ্রহের আগে আটাবের ব্যাংক হিসাবে ৪১ লাখ ৩৮ হাজার ৫৬৬ টাকা ছিল।

কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন আসতে থাকে। 

প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, ৮৪ জন সদস্যকে ফেরত দেওয়ার কথা ছিল ৪১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা, যা আটাবের হিসাবে পাওয়া যায়নি। কেবল অল্পসংখ্যক সদস্যকেই আংশিক অর্থ ফেরত দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১০ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৫-এর মধ্যে চারটি আলাদা চেকের মাধ্যমে মোট ৪৫ লাখ টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে, যা প্রশাসকের ভাষায় আটাবের সংবিধানের ৫৩(ক) ধারা অনুযায়ী ‘অধিকার বহির্ভূত লেনদেন’।

প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের সময় আটাবের হিসাবে ৩৪ লাখ ৫ হাজার ৭৯৬ টাকা পাওয়া যায়, যা সংগৃহীত অর্থের তুলনায় অনেক কম। ফলে আটাব এখনো অংশগ্রহণকারীদের পাওনা ফেরত দিতে পারছে না।

প্রশাসক সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এবং সাবেক অর্থসচিব শফিক উল্লাহ নান্টুর বরাবর চিঠি পাঠান। তাদেরকে অবিলম্বে অর্থ ফেরত দিয়ে বিষয়টি সমাধান করার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় বৈধ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়, যাতে সংগঠনটির আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা যায়।

চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের নিকট পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টির ওপর আনুষ্ঠানিক তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। তদন্তে আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং সাবেক নেতৃবৃন্দের কার্যক্রমে বিশ্বাসভঙ্গ বা দায়িত্ব লঙ্ঘন ঘটেছে কি না তা খতিয়ে দেখা হবে।

দেশব্যাপী হাজারেরও বেশি ট্রাভেল এজেন্সিকে প্রতিনিধিত্বকারী আটাব বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের অন্যতম প্রভাবশালী সংগঠন। সাম্প্রতিক অনিয়মের অভিযোগে সংগঠনটির আর্থিক স্বচ্ছতা নিয়ে ট্রাভেল ব্যবসায়ীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জেডও/

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: