ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে দ্রুত যোগাযোগের তাগিদও দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রিয়াজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ড. আলী রিয়াজ বলেন,গণভোটের ব্যাপারে সরকার আদেশ দেবেন। এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিন নির্ধারণ করিনি। সরকারের আদেশের পর নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো দিন গণভোট করবেন।
সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। অধ্যাদেশ এবং আদেশের সুপারিশমালা আমরা আলাদা করে দিয়েছি, কোনটি কীভাবে বাস্তবায়ন হবে সেটাও নির্ধারণ করা হয়েছে।
৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে সুপারিশগুলো আলোচনা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো তৈরি করা হয়েছে।
মঙ্গলবার সকালেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
/ইউএমএইচ