প্রশ্ন : বিয়ে পড়ানোর সময় দেখা যায়, কাজি বা যিনি বিয়ে পড়ান তিনি বিভিন্নভাবে মেয়ের নাম উল্লেখ করে থাকেন। কখনো মেয়ের নামের সঙ্গে মেয়ের পিতার নাম উল্লেখ করেন। আবার কখনো মেয়ের পিতার সঙ্গে দাদার নামও উল্লেখ করেন। আবার কোনো সময় শুধু মেয়ের মূল নাম ও ডাকনাম উল্লেখ করেন। পিতার নাম উল্লেখ করেন না। এখন আমার জানার বিষয় হচ্ছে, বিয়ে পড়ানোর সময় নাম নেওয়ার সঠিক নিয়ম কী?
আবু হুরায়রা, নোয়াখালী
উত্তর : বিয়ের আকদের ক্ষেত্রে মূল বিষয় হলো, পাত্র-পাত্রীর পরিচয় সাক্ষীদের কাছে সুস্পষ্ট থাকা। সুতরাং আকদের মজলিসে পাত্রী যদি উপস্থিত না থাকে, আর পাত্রীকে সাক্ষীরা সরাসরি তার নামেই চিনতে পারে, তা হলে আকদের সময় শুধু পাত্রীর নাম নিলেও আকদ সহিহ হয়ে যাবে। এ ক্ষেত্রে পিতার নাম বলা জরুরি নয়।
যদি পাত্রীকে শুধু তার নাম দ্বারা সাক্ষীরা চিনতে না পারে, তা হলে সে ক্ষেত্রে পাত্রী শনাক্তকরণের জন্য পাত্রীর নামের পাশাপাশি পিতার নাম, প্রয়োজনে দাদার নামও বলতে হবে। মোটকথা, বিয়ে পড়ানোর সময় যে নামে পাত্রীর পরিচয় সাক্ষীদের সামনে পরিষ্কার হবে, সে নাম এবং সেভাবেই উচ্চারণ করা। (ফাতহুল কাদির : ৩/১৯৬; আলবাহরুর রায়েক : ৩/১৩৭; রদ্দুল মুহতার : ৩/২২)
আরআর