সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে হিমলুং চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন তিনি।
নিম্নির হিমলুং হিমাল পর্বত জয়ের খবরটি নিশ্চিত করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রেসিডেন্ট এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল।
শাকিল সময়ের আলোকে জানান, নিম্নি গতকাল সন্ধ্যায় পর্বতশৃঙ্গটি সামিট করে রাতেই ক্যাম্প টু-তে নেমে আসেন। আজ সন্ধ্যার মধ্যেই পর্বতারোহী নিম্নি বেস ক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিম্নি এখনো সুস্থ আছে। খুব শিগগিরই বিস্তারিত আপডেট জানাতে পারব।
এর আগে গত মাসের ১৮ অক্টোবর ৩০ দিনের অভিযানে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন নিম্নি।
‘হিমলুং হিমাল’ পর্বত শিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করছে পূবালী ব্যাংক পিএলসি।
নুরুন্নাহার নিম্নি পেশায় ব্যাংকার। পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন তিনি। অবসর পেলেই পর্বত অভিযানে অংশ নেন। ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করেছেন তিনি। ২০২৪ সালে অক্টোবরে ৬ হাজার ১৬১ মিটারের আইল্যান্ড পিক চূড়ায় পা রাখেন। এই প্রথম ৭ হাজার মিটার উচ্চতার কোনো পর্বত শিখরে পৌঁছেছেন তিনি।
প্রসঙ্গত, হিমলুং হিমাল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত। এর চূড়ার উচ্চতা ৭ হাজার ১৪০ মিটার (২৩ হাজার ৪২৫ ফুট)।
আরআর