বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ভারতীয় সেনাবাহিনীর নতুন ঘাঁটির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসামের ধুবরিতে নতুন সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। এই ঘাঁটিটি বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের খুব কাছেই অবস্থিত।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পেশাদারিত্ব, উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি সৈন্যদের উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
তিওয়ারি স্থানীয় জনপ্রতিনিধি হামিদুল রহমান এমএলএ ও নাগরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি সামরিক-বেসামরিক সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
এর আগে তিনি আসামের সীমান্ত এলাকায় অবস্থিত ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইস্টার্ন কমান্ড জানিয়েছে, আহোম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে নতুন এই স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত। সংস্থাটি বলেছে, নতুন এই সামরিক স্টেশন অঞ্চলটির প্রতিরক্ষা সক্ষমতা ও অবকাঠামো আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং সেনা অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
/ইউএমএইচ