বিশ্ববাজারের স্বর্ণের দামে পতনের পর এবার দেশের বাজারেও বড় পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ তথ্য জানায়। আগামীকাল রোববার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৩ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।
এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যে বৈশ্বিক স্বর্ণের বাজারে ব্যাপক বিক্রির প্রভাব পড়েছে।
স্থানীয় সময় শুক্রবার স্পট গোল্ড ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪০৯২.৭২ ডলারে নেমে আসে— যা সেশনের শুরুতে ৩ শতাংশের বেশি কমে গিয়েছিল। যদিও পুরো সপ্তাহ বিবেচনায় এখনো স্বর্ণের দাম ২.৩ শতাংশ উর্ধ্বে রয়েছে।
ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.৪ শতাংশ কমে ৪০৯৪.২০ ডলারে স্থির হয়।
এসকে/