এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রায় সাত বছর পর বাংলাদেশে খেলতে এসেছে ভারতীয় ফুটবল দল।
ম্যাচটি ঘিরে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। ৬ মিনিটে অনলাইনের সকল টিকিট বিক্রি হওয়ায় প্রমাণিত হয়েছে ম্যাচের জনপ্রিয়তা। এই ম্যাচ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আনসার-পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা রয়েছেন সামনে।
এদিকে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার আশা অধিনায়ক জামাল ভূঁইয়ার। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের কোচ।
এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সি'তে প্রথম ম্যাচে ভারতের মাটিতে ড্র করা বাংলাদেশ পরের ম্যাচগুলোতে আশা জাগিয়েও জয়ের দেখা পায়নি। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শেষ হয়ে যায় বাছাই পর্ব টপকানোর আশা।
ভারতের বিপক্ষে হোম ম্যাচ জিতলে চার দলের গ্রুপে নিশ্চিত হবে তৃতীয় স্থান। সেই সঙ্গে ফিফা র্যাংকিংয়েও উন্নতি হবে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২২ বছরে কোনো জয় নেই। সাউথ এশিয়ান ডার্বি ম্যাচটিতে দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা পূরণের আশা জামালের।
সময়ের আলো/এআর