ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, পুলিশ অরাজকতা ঠেকানোর চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে। আমার অফিসারদের সঙ্গে যে অসদাচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না কেউ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শেখ সাজ্জাত আলী বলেন, আমরা সংঘাতে জড়াতে চাই না; আমরা সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে।
তিনি বলেন, ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
ডিএমপি কমিশনার বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। আগের মতো কার্যকলাপ দেখে গেলে সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। এজন্যই আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাদের প্রতি এমন আচরণ আশা করিনি আমরা।
আরআর