মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়া-এর নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, সভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন হয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক হয়েছে। এসব বৈঠকের একটি অগ্রগতি প্রতিবেদন উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়।
তিনি জানান, আজ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছিল, কিন্তু আরও আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, আমদানি নীতি নিয়ে আলাপ হয়েছে সভায়। সেটি আরও অধিকতর আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি জুলাই গনভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত পাঠানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে। এটা নিয়েও আরও আলোচনা হবে।
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদে মোট ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় ৩৯৪টি বিষয়ে আলোচনা হয়েছে।
সময়ের আলো/এনএ